নোয়াখালীতে ডেঙ্গু-হামের প্রকোপ, এক মাসে ৪৭ রোগী ভর্তি
ছবি: সমকাল
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৫
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। শনিবার সকাল পর্যন্ত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও হাম আক্রান্ত ৪৭ রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৩ জন এবং হামে আক্রান্ত ২৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে জেলা শহর ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত তিনজন এবং হামে আক্রান্ত তিনজন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি রোগীদের সবাই আগের তুলনায় ভালো আছেন।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ডেঙ্গু ও হামে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় শয্যা ও চিকিৎসাসেবা সামলাতে হিমশিম খাচ্ছেন সেবিকারা।
ডেঙ্গু আক্রান্ত আমিরাবাদের মো. মুরাদ হোসেন (২৪) জানান, তিনি চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে আগের তুলনায় ভালো আছেন। ফতেহপুরের রুনা আক্তার জানান, তার এক বছর বয়সী শিশু হুমায়ারা হামে আক্রান্ত হয়ে পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটিও এখন আগের তুলনায় ভালো আছে।
এ বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, বর্তমানে ডেঙ্গু ও হাম—দুই রোগেরই প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি পরামর্শ দিয়ে বলেন, বাসাবাড়ির চারপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে, মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং শিশুদের নিয়মিত টিকাদানের পাশাপাশি সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক অবস্থা খারাপ মনে হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানান।