বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
ছবি: সমকাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৬
বরিশাল–বানারীপাড়া সড়কের শেখেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে গড়িয়ারপাড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বানারীপাড়া হয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড়ের অদূরে শেখেরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে বাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- বরিশাল
- বানারীপাড়া
- সড়ক দুর্ঘটনা