চট্টগ্রামে অতিরিক্ত সচিব রাশেদুল
বিলিয়ন ডলারের ব্যবসা হবে জাহাজভাঙা শিল্পে, শ্রমিক মৃত্যু শূন্যে নামাতে হবে
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০২
সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়। আগামী দিনে এ শিল্পে বিলিয়ন ডলারের ব্যবসা হবে। তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে মৃত্যুহার শূন্যে নামাতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম।
শনিবার চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে ‘বাংলাদেশে টেকসই জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণবিষয়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি—মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধে সেইফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সাসটেইনেবল শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদুল ইসলাম বলেন, ‘শিল্পায়নের সঙ্গে ঝুঁকি আছে। সে বিষয়ে সচেতন হতে হবে। আধুনিক প্রযুক্তি আমাদের সুযোগ দিয়েছে, তা ব্যবহার করতে হবে। এখন এক প্যাকেট সিগারেটের দামে সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। ঘরে বসেই শিল্পকারখানা ও ইয়ার্ডের কার্যক্রম ক্যামেরায় দেখা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাসায় বসে মোবাইল ফোনে ইয়ার্ডের কার্যক্রম দেখা যায়। তাহলে নিজে দায়মুক্ত থাকা সম্ভব। অভিজ্ঞতাকে বেশি বিশ্বাস না করে কাজে লাগাতে হবে। এতে শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তাও বাড়বে।’
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
ড. মো. জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গ্রিন শিপব্রেকিং ইয়ার্ড হচ্ছে। এ শিল্পে একটু অসতর্ক হলেই বিপদ ঘটতে পারে। কাজ চলছে, একসময় দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে।
বিএসবিআরএ সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, গ্রিন শিপ ইয়ার্ডে বিপদের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। তবে সাম্প্রতিক যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটির জন্য তাদের কোনো ধরনের মানসিক প্রস্তুতি ছিল না। এটি তাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা।
তিনি বলেন, ‘এর আগেও দুটি ব্যালাস্ট ট্যাংক কাটা হয়েছিল, কোনো বিপদ হয়নি। দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা একটি নতুন শিক্ষা পেয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কীভাবে কাজ করা যায়, সেটিই এখন আমাদের লক্ষ্য। শিল্প মন্ত্রণালয়সহ অন্যান্য গভর্নিং বডি অনেক সহযোগিতা দিয়েছে।’
- বিষয় :
- জাহাজ ভাঙা শিল্প