ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মন্দির থেকে কষ্টিপাথরের প্রতিমাসহ মূল্যবান অলংকার চুরি

ফরিদপুরে মন্দির থেকে কষ্টিপাথরের প্রতিমাসহ মূল্যবান অলংকার চুরি
×

পুরাতন কালীবাড়ি মন্দির থেকে কষ্টিপাথরের কালী প্রতিমাসহ মূল্যবান অলংকার চুরি হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৭

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন কালীবাড়ি থেকে কষ্টিপাথরের কালী প্রতিমাসহ মূল্যবান অলংকার চুরি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আজ রোববার ভোর পৌনে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে।

কষ্টিপাথরের কালি প্রতিমাসহ গায়ে থাকা বিভিন্ন প্রকার ৭/৮ ভরি ওজনের স্বর্ণালংকার, পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ, মনসা মূর্তি, মহাদেবের লিঙ্গের সঙ্গে প্যাঁচানো রূপার আনুমানিক ৮/১০ ভরি ওজনের একটি সাপও চুরি হয়েছে।

 ফরিদপুরের পুলিশ সুপার শাহরীয়ার মোহাম্মদ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই মন্দিরের সেবায়েত ও মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী আজ রোববার দুপুরে ফরিপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মন্দিরটি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ফরিদপুর জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত। ১৮ শতাংশ জমির ওপর বহু প্রাচীন মন্দিরটির পাকা কাঠামো নির্মাণ করা হয় ১৯০৩ সালে।

মন্দিরের বর্তমান পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী বলেন, যে প্রতিমাটি চুরি হয়েছে; সেটি নিচে শ্বেতপাথারের শিবমূর্তির ওপরে কষ্টিপাথরের কালী মূর্তি। এর মধ্যে থেকে শ্বেতপাথরের শিবমূর্তিটি রেখে ওপরের কালী প্রতিমাটি অজ্ঞাত চোর বা চোরেরা নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, প্রতিমাটির মোট ওজন ৪০ কেজি, এর মধ্যে চুরি যাওয়া কষ্টিপাথরের কালি প্রতিমাটি অন্তত ২০ কেজি ওজন হবে। মন্দিরের যে জায়গায় প্রতিমাটি সংরক্ষণ করা ছিল সেখানকার তালা ভেঙে কষ্টিপাথরের কালি প্রতিমা চুরি করা হয়।

মন্দিরের সেবায়েতের ভাতিজা কৌশিক চক্রবর্তী বলেন, মন্দিরে সিসি ক্যামেরা অকেজো ছিল।

মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী বলেন, সকালে মন্দিরে কালি প্রতিমা না দেখে মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্দির কমিটির পক্ষ হতে আজ রোববার সকাল পৌনে ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করা হলে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে চোরচক্রকে শনাক্ত করা ও গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি দল মাঠে কাজ করা শুরু করেছে।

আরও পড়ুন

×