সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, আবার নতুন প্রশাসক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩২
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নিয়ে শনির দশা কাটছে না। বার বার নির্বাচনের আগমুহূর্তে দেওয়া হচ্ছে প্রশাসক। এবারও নির্বাচনী তপশিল বাতিল করে আবার নতুন প্রশাসক করা হয়েছে চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।
এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। আজ রোববার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকের আদেশ অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের স্মারকে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নুতনভাবে নির্বাচনী তফশিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সিলেট চেম্বারের নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের ৯ মাস পর গত ১৭ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করেন চেম্বারের তৎকালীন প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছিল। ১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ছিল। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে ওই বছরের ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়।
- বিষয় :
- সিলেট