ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল থেকে লাফ দিয়ে অপহরণ থেকে রক্ষা‌

মোটরসাইকেল থেকে লাফ দিয়ে অপহরণ থেকে রক্ষা‌
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৩

সিরাজগঞ্জের বেলকুচিতে দলিল সম্পাদনের কথা বলে ডেকে নেওয়ার পর অপহরণের শিকার দলিল লেখক শাহ আলম সরকার চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেয়েছেন। শনিবার রাতে রায়গঞ্জের হাট পাঙ্গাসী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া করে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর একটি দলিল সম্পাদনের কথা বলে শাহ আলমকে বেলকুচি থেকে কৌশলে ডেকে নেওয়া হয়। পরে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামে তাঁকে আটকে রাখা হয়। মুক্তির বিনিময়ে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে টাকা দেওয়ার পরও তাঁকে ছেড়ে না দেওয়ায় পরিবার পুলিশকে বিষয়টি জানায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশি তৎপরতা ও মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা টের পেয়ে শনিবার রাতে শাহ আলমকে ফুলকোচা থেকে রায়গঞ্জে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় দুই ব্যক্তির মাঝখানে মোটরসাইকেলে বসিয়ে তাঁর কোমরে পিস্তল ঠেকিয়ে রাখা হয়েছিল বলে শাহ আলমের অভিযোগ।

হাট পাঙ্গাসী বাজারের কাছে সুযোগ বুঝে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দেন শাহ আলম। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পালানোর 
চেষ্টা করা দুই ব্যক্তিকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। পরে স্থানীয়দের মারধরে আহত হওয়ায় আটক দুজনকে পুলিশি পাহারায় সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফুলকোচা গ্রামের শাহ জামাল ও সয়াধানগড়া গ্রামের শাহাবুদ্দিন। তাদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেলকুচি থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, ঘটনায় দুজন আটক রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান।

শাহ আলমের সহকর্মীরা বলেন, পরিচিতজনের মাধ্যমে দলিল সম্পাদনের কথা বলে তাঁকে ডেকে নেওয়া হয়েছিল। এভাবে অপহরণের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাদের ভাষ্য, বিষয়টি আরও আগে বুঝতে পারলে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

আরও পড়ুন

×