মুন্সীগঞ্জে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪০
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অফিস কোয়ার্টার থেকে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকালে কাঠপট্টি এলাকার একটি শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একরামুল হক টিএমএসএসের সিরাজদীখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজদীখান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই ভবনের একটি শয়নকক্ষে একজন ব্যক্তি আটকা পড়েছেন— এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতে শয়নকক্ষের দরজা খুলে একরামুল হককে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে মরদেহটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদীখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এখনো এসে পৌঁছাননি। তারা এসে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝুলন্ত লাশ উদ্ধার
- এনজিও কর্মী
- মুন্সীগঞ্জ