ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মধুপুরে খুঁটিতে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

মধুপুরে খুঁটিতে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
×

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫৪

টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ (৮) নামের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় জিহাদকে চোর সন্দেহে ডেকে নেন মফেজ উদ্দিন। পরে ঘরের চৌকির পায়া ও খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি বকুলি বেগমের জানান, জিহাদের বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তাঁরা তাকে লালন-পালন করছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, মফেজ উদ্দিন মিথ্যা চুরির অভিযোগ তুলে শিশুটিকে নির্যাতন করেছেন।

এ ঘটনায় জিহাদের নানা মফিজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। পরে পুলিশ মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, শিশু নির্যাতনের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×