জামালপুর
নিয়োগপত্র না পেয়ে শিক্ষা অফিসে অনশনে সুপারিশপ্রাপ্ত ৫১ প্রার্থী
ছবি- সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৮
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গতকাল মঙ্গলবার দিনভর অনশন করেছেন ৫১ জন নিয়োগপ্রত্যাশী। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করার ঘোষণা দেন তারা। প্রয়োজনে আমরণ অনশন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তারা।
অনশনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে ও পরে দ্বিতীয় ধাপে আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে অজ্ঞাত কারণে একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৫১ প্রার্থীকে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি।
তাদের দাবি, দেশের বিভিন্ন জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও জামালপুরের ৫১ জনকে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। এ অবস্থায় দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে তারা অনশনে বসেছেন।
চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা অফিস থেকে কেউ বের হবেন না। প্রয়োজনে না খেয়ে মরবেন, তবুও এখান থেকে কোথাও যাবেন না।
আরেক অনশনকারী তানভীর রহমান বলেন, ‘আজ আমরা জামালপুরে অনশন করছি। গত চার দিন ধরে ঢাকায় আন্দোলন করতে গিয়ে আমরা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছি। এখন নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। প্রয়োজনে রাতেও এখানে অবস্থান করব।’
পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারীরা সাময়িকভাবে তাদের কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান বলেন, এ জেলার ৫১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।