ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাটির ছোঁয়ায় জীবন্ত দেবী

মাটির ছোঁয়ায় জীবন্ত দেবী
×
×

উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী কুমারপল্লিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৩

| প্রিন্ট সংস্করণ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উল্লাপাড়ার কুমারপল্লিগুলোতে এখন কারুশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। এরমধ্যে প্রতিমার মাটির প্রলেপের প্রাথমিক কাজ শেষ হয়েছে। শুকালেই শুরু হবে রঙের নিখুঁত তুলির আঁচড় ও সাজসজ্জা। কিছুদিন পরে পূজামণ্ডপের বেদিতে উঠবে দেবী প্রতিমা, তাই সময়মতো কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন শিল্পীরা।

পৌর শহরের ঘোষগাঁতী পালপাড়ার প্রবীণ কারুশিল্পী প্রদীপ পাল জানান, এ বছর  ৪০টি প্রতিমা তৈরির বায়না পেয়েছেন। দুই মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছিলেন এবং কাজের ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আরেক শিল্পী নিখিল পাল জানান, আকার ও মানভেদে প্রতিটি প্রতিমা ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হতে পারে। একইভাবে ব্যস্ততা বেড়েছে বারইয়ার কুমারপল্লিতেও। শিল্পী সুচিত্রা সাহা জানান, ভাই প্রেম সাহার সহকারী হিসেবে প্রতিমা গড়ার কাজ করছেন। এবার তারা ১৫টি প্রতিমা তৈরি করছেন।

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ জানান, এ বছর উল্লাপাড়া উপজেলায় মোট ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে পৌর এলাকাতে রয়েছে ৩১টি।

মণ্ডপগুলোতে প্রতিমা স্থাপনের পাশাপাশি সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। পূজা চলা সময়ে নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে ১৫ জন করে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে স্থায়ীভাবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। উৎসব শেষ হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

×