শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ আটক ১
জব্দ করা স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে এবং মোটরসাইকেল, মুঠোফোন ও স্মার্টঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। ছবি: সমকাল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৩
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও একটি স্মার্টঘড়ি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. রিপন (৪১)। তিনি বসতপুর গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, মঙ্গলবার রুদ্রপুর বিজিবি ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় রিপনকে আটক করা হয়।
বিজিবি জানায়, রিপনের শরীর তল্লাশি করে ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
এ ছাড়া দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ টাকা, দুটি মুঠোফোনের মূল্য ৪০ হাজার টাকা এবং একটি স্মার্টঘড়ির মূল্য ১২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে এবং মোটরসাইকেল, মুঠোফোন ও স্মার্টঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- যশোর
- স্বর্ণের বার
- আটক