ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫
×
×

আব্দুল ওহাব। ছবি: সংগৃহীত

পাবনা অফিস

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫২

 

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম আব্দুস সালাম জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। নাশকতার অংশ হিসেবে মাইক্রোবাসে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

৫ আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

পরে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব ও তার সমর্থকরা সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।

আরও পড়ুন

×