ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৯
ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. মারুফ (২১) ও স্বাধীন (২০)।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী সমকালকে বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের শাস্তি দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।