ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, মা আটক

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, মা আটক
×

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১২

ঘরের বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে নিজ শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা চালিয়েছেন এক নারী। সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার অভিযুক্ত নারীকে আটক করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুসহ তাঁর দুই সন্তানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

আটক নারীর নাম বীথি আক্তার (৩০)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রবাসী আব্বাস আলীর স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, টিনশেড ঘরের বাঁশের আড়ায় একটি ওড়না ঝোলানো রয়েছে। এ সময় এক হাত দিয়ে শিশুটিকে ধরে রেখে অপর হাত দিয়ে মোবাইল ফোনে ভিডিও চালু করেন শিশুটির মা। এরপর চৌকির ওপরে উঠে শিশুটিকে উঁচুতে তুলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেন তিনি। তখন শিশুটি হাত-পা ছুড়ে চিৎকার করতে থাকে। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের দরজায় সজোরে আঘাত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়দের শোরগোলে শিশুটিকে ছেড়ে দেন ওই নারী।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামে। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ঘটনাটি রাধানগর গ্রামের। এরই মধ্যে শিশুটির ফুফু রনি বেগমও থানায় ফোন করে বিষয়টি জানান। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা বীথি আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে এবং দুই শিশু সন্তানকে হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। 

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীথি আক্তার জানিয়েছেন, তাঁর স্বামী দীর্ঘ ৮ বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে আসছেন না। স্বামীকে ভয় দেখিয়ে দেশে ফেরানোর উদ্দেশ্যে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। 

আরও পড়ুন

×