খাগড়াছড়িতে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল
ছবি- সমকাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩১
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার খাগড়াছড়ি জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। রানার্সআপ হয়েছে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইলমুল হক নোহা।
দিনব্যাপী এ বিতর্ক উৎসবে খাগড়াছড়ি জেলা শহরের ছয়টি এবং দীঘিনালা উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙা গোমতী বি কে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বাংলাদেশ বেতারের উপস্থাপক ও খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন আনসারী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আমির হোসেন রোজেল।
বক্তারা বলেন, বিএফএফ-সমকাল বিতর্ক উৎসব খাগড়াছড়িতে বিতর্কচর্চার ধারাবাহিকতা ধরে রেখেছে। এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে বিতর্কচর্চার পরিবেশ তৈরি হয়েছে। বিতর্কের জন্য আলাদা কক্ষ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বেড়েছে।
_1790778632.jpg)
প্রতিযোগিতায় অংশ নেয় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল, টিউফা আইডিয়াল হাই স্কুল ও এপিবিএন উচ্চ বিদ্যালয়।
প্রথম পর্বে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে ওঠে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে ওঠে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলকে হারিয়ে বড়াদম উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ফাইনালে ওঠে।
ফাইনালে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের পারমী চাকমা, উজুকো চাকমা ও আদর্শি চাকমা নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের বিতার্কিকদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেন। শেষ পর্যন্ত ইলমুল হক নোহার নেতৃত্বে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল চ্যাম্পিয়ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক দুলাল হোসেন। এ সময় মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন দাস, বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডিগনিটি চাকমা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিভা ত্রিপুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল