বান্দরবানে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইডিয়াল স্কুল
ছবি- সমকাল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৮
মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির মধ্যেই বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। এতে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান আইডিয়াল স্কুল। রানারআপ হয়েছে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক লি লি শৈ মারমা।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেয়। যুক্তিতর্কের বিভিন্ন পর্বে ক্ষুদে বিতার্কিকরা তথ্য-উপাত্ত ও যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ বান্দরবান জেলা শাখার সভাপতি রাজেশ দাশ। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্ত লাল তঞ্চঙ্গ্যা ও ফটোগ্রাফার চন্দ্রধন তঞ্চঙ্গ্যা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের জেলা কমিটির সভাপতি অংচ মং মারমা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো। সার্বিক সহযোগিতা করেন সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।
বিচারকের দায়িত্ব পালন করেন বান্দরবান শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোমেন চৌধুরী, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক বিপ্লব চক্রবর্তী এবং সোনালী ব্যাংক বান্দরবান শাখার সিনিয়র অফিসার (আইটি) কৌশিক দত্ত।
প্রতিযোগিতায় অংশ নেয় বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডন বস্কো বিদ্যালয়, সাঙ্গু উচ্চ বিদ্যালয়, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় ও বান্দরবান আইডিয়াল স্কুল।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল