চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:১১ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১১:১৪
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ওই নেতা পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে গেছেন।
গতকাল বুধবার রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই নেতার নাম আবু ছিদ্দিক। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন।
পুলিশের দাবি, হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। পরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক। তবে পুলিশের ওপর হামলার এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় আমাদের দুজন সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- আওয়ামী লীগ নেতা
- চুয়াডাঙ্গা