ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তদন্ত কমিটি গঠন

বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান

বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান
×
×

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আমখোলা বাজারে আমখোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি-ভিডিও থেকে নেওয়া

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:১১ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:২১

| প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর গলাচিপা বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আমখোলা বাজারে আমখোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে এ স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। 

জানা গেছে, মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল। এতে লেখা ছিল ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল।’ 

ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপির মিছিলে স্লোগান দিতে শোনা যায়, ‘এই লড়াইয়ে জিতবে কারা শহীদ জিয়ার সৈনিকেরা।’ এরপর তাদের বলতে শোনা যায়, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’ 

দলীয় সূত্রে জানা যায়, মিছিল ও সমাবেশে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া গলাচিপা উপজেলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান বলেন, ‘সোমবার তিনি পটুয়াখালী জেলা শহর থেকে নিজ উপজেলায় ফিরছিলেন। আমখোলা চৌরাস্তায় পৌঁছালে স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদার তাঁকে মিছিলে অংশ নেওয়ার জন্য আহ্বান করেন। পরে তিনি মিছিলে অংশ নেন। এরপর মিছিল চলাকালে কে বা কারা পেছন থেকে যুবলীগ-ছাত্রলীগের অ্যাকশন বলে স্লোগান দেয়।’

আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী বলেন, ‘আমরা তো দলীয় স্লোগান দিয়ে মিছিল করেছি। এর মধ্যে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম করে স্লোগান দিয়েছে বলে লোকমুখে শুনেছি।’

গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান জানান, এ ঘটনায় মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×