ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৭ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৪ লাখ ৩৪ হাজার কর্মীর: প্রবাসীকল্যাণমন্ত্রী

৭ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৪ লাখ ৩৪ হাজার কর্মীর: প্রবাসীকল্যাণমন্ত্রী
×
×

সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৪:২২ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৪:৩৯

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির পরও বিগত ৭ মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে। বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। শুধু সংখ্যা বাড়িয়ে অদক্ষ লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের কোনো প্রকৃত লাভ হবে না।

বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এখানে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসাকেন্দ্র স্থাপন করতে হবে। ইতোমধ্যে চিকিৎসাকেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দর শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় তাদের থাকা-খাওয়া নিয়ে সমস্যা আরও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস (বিশ্রামাগার) নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×