ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের জীবনমান উন্নত হবে: দুর্যোগমন্ত্রী

তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের জীবনমান উন্নত হবে: দুর্যোগমন্ত্রী
×
×

কুড়িগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৬:৩৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা পাড়ের কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা আমার জীবন সংগ্রামের একটি অংশ। তিস্তা পাড়ের সন্তান আমি। আমি চাই, তিস্তা পাড়ের এই অঞ্চলকে মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর সমীক্ষা ইতোমধ্যে চলমান রয়েছে। কারিগরি ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আশা করা হচ্ছে, সামনের দিনে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। তবে কোনো সরকারি প্রকল্প একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথমে সম্ভাব্যতা যাচাই, এরপর ডিপিপি প্রণয়ন এবং বিভিন্ন পর্যায়ে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

কুড়িগ্রামকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। গতকালও আমাদের এই কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ বিষয়ে এসেছিলেন। আজকে আমি নিজে আসলাম।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে সরকার কোনো আসন পায়নি বলে এ জেলা অবহেলিত থাকবে—এমন ধারণা ঠিক নয়। কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা অনেক। মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। এর মাধ্যমে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা তৈরি করাও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে জনগণকেও এগিয়ে আসতে হবে। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×