বরিশালে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৮:০৯
বরিশাল নগরীর আমানতগঞ্জে একটি ভবনের দোতলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বড় ছেলে রিফাতের উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা হিজলা উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি নগরীর রোকেয়া আজিম সড়কের একটি ভবনের দোতলার ফ্ল্যাটে প্রায় এক বছর ধরে একা ভাড়া থাকতেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, আমেনার বড় ছেলে রিফাত ব্যাংক কর্মকর্তা এবং কর্মসূত্রে রাজধানীতে থাকেন। ছোট ছেলে রিয়াদ থাকেন হিজলার গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার সকালে বড় ছেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে খাটের ওপর আমেনার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হয়েছে।
ভবন মালিক রিনা বেগম জানান, আমেনা প্রায় এক বছর আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি ভবনের অন্য বাসিন্দাদের সঙ্গে তেমন মিশতেন না। তাঁর দুই ছেলে মাঝে মাঝে মায়ের কাছে আসতেন। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোর পর আমেনার বড় ছেলেকে খবর দেওয়া হয়।
পাশের ফ্ল্যাটের বাসিন্দা তানিয়া জানান, মঙ্গলবার সর্বশেষ আমেনাকে দেখেছেন তিনি। এরপর ফ্ল্যাটে বাইরে থেকে তালা দেখে ভেবেছিলেন, তিনি কোথাও বেড়াতে গেছেন। বুধবার বিকেল থেকে দুর্গন্ধ পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বড় ছেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তালাবদ্ধ অবস্থায় ফ্ল্যাটটি পাওয়া যায়। পরে ভেতর থেকে কাপড় দিয়ে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার