ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়

চুয়াডাঙ্গায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:০৪

চুয়াডাঙ্গায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের দলনেতা ফাবিহা লামিছা।

বৃহস্পতিবার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল মালিক বারি বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম তারিক উজ জামান। বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

সুহৃদ সমাবেশের সভাপতি শাহাজান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন জহির রায়হান, হাফিজুর রহমান কাজল ও জহির রায়হান সোহাগ। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তিনির্ভর বক্তব্য, তাৎক্ষণিক চিন্তাশক্তি ও বাচনভঙ্গির মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরে। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুন্দরভাবে মতপ্রকাশের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ। সহযোগিতা করেন সুহৃদ সদস্য আবু তালহা ও জহিরুল ইসলাম।

আরও পড়ুন

×