দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫
প্রতীকী ছবি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৩৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে গোলাম মোস্তফা টেংগর (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও আজা মেম্বার গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা টেংগর চড়ইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে এবং পটল গ্রুপের প্রধান পটলের ভাই।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পটল গ্রুপ ও স্থানীয় আজা মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাজুড়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে আজা মেম্বারের লোকজন মোস্তফা ওরফে টেংগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বার (৬০) ও বুলবুলসহ অন্যদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- দৌলতপুর
- দুই পক্ষের সংঘর্ষ
- নিহত