শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে ‘আছাড়’ মারার অভিযোগে অভিভাবক গ্রেপ্তার
ছবি: ভিডিও থেকে নেওয়া
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:২৯
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও তুলে আছাড় মারার অভিযোগে তার সহপাঠীর অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে নাহিদ শেখ নামের ওই অভিভাবককে আসামি করে মামলা করেন।
শিক্ষার্থীকে মারধর ও তুলে আছাড় দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগের দিন গত বুধবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধরের সন্দেহে সকালে তার চাচা নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির এক ছাত্রকে ধরে শ্রেণিকক্ষের ভেতর মারধর ও তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে।
এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে শিক্ষকরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি সিরাজদীখান থানা পুলিশকে জানান। পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ওই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এই নিয়ে বৃহস্পতিবার এক ছাত্রের অভিভাবক গিয়ে আরেক ছাত্রকে মারধর করেন। প্রধান শিক্ষকের কাছে বিচার না দিয়ে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধরের বিষয়টি লজ্জাজনক। এমন কাজ ওই অভিভাবকের করা ঠিক হয়নি।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত অভিভাবক থানায় আটক আছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সিরাজদীখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- সিরাজদীখান
- লাঞ্ছিত
- গ্রেপ্তার