ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডে অনিয়ম হলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডে অনিয়ম হলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার
×

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি- সমকাল 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:১৬

নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ করতে হবে। সমাজের সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক মানুষদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরির কাজ শুরু করতে হবে। যাদের ঘর নেই, কুঁড়েঘর বা ছাপড়া ঘরে বসবাস করেন, তাদের চিহ্নিত করে ধাপে ধাপে তথ্য সংগ্রহের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, দুর্গাপুরের একজন দরিদ্র মানুষও যেন ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দায়িত্ব তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কার্ডের নামে টাকা নেওয়া বা কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সভায় জানানো হয়, দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ৯৭ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজারসহ মোট ১০৭ জন মাঠকর্মী দায়িত্ব পালন করবেন। সুপারভাইজারদের তথ্য সংগ্রহকারীদের সঙ্গে মাঠে গিয়ে তথ্য সংগ্রহ এবং পরে সংগৃহীত তথ্য যাচাই ও ক্রসচেক করার নির্দেশ দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, সমাজসেবা ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। সভা শেষে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব তুলে দেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন

×