মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০০:১০
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় তিন কিশোরীর মৃত্যু হলো। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী লামিয়া মারা যায়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে বুধবার ১৪ বছর বয়সী জিদনি এবং মঙ্গলবার ১১ বছর বয়সী আতিয়া মারা যায়। জিদনির শরীরের ৮২ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।
এ ঘটনায় দগ্ধ আরও দুই ছাত্রী সুমাইয়া ও আছিয়া সেখানে চিকিৎসাধীন। সুমাইয়ার শরীরের ১৩ শতাংশ এবং আছিয়ার ৭ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল। ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত শনিবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লার কাশীপুরের হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পাঁচ ছাত্রী ছাদে খেলতে গিয়েছিল। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখও ছিল।
ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আখ চলে যাওয়ায় বিদ্যুতের ঝলকানি ও আগুনের সৃষ্টি হয়। এতে পাঁচ ছাত্রী দগ্ধ হয়।
ঘটনার পর মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দগ্ধ ছাত্রীদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ওই রাতেই তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
- বিষয় :
- বার্ন ইনস্টিটিউট
- নারায়ণগঞ্জ
- মৃত্যু