চাকসুর স্বাস্থ্য সম্পাদকের শাস্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৩৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১১:২৭
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য সম্পাদক আফনান হাসানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। গত বুধবার রাতে এই বিক্ষোভ মিছিল করে তারা। আফনান হাসান শিবির সমর্থিত প্যানেল থেকে স্বাস্থ্য সম্পাদক নির্বাচিত হন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এ এফ রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘লীগ গেছে হিন্দুস্তান, শিবির যাবে পাকিস্তান’, ‘বীর বীর করিস না, পিঠের চামড়া থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন। তিনি চাকসুর স্বাস্থ্য সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, ‘চাকসু থেকে এদের বিতাড়িত করতে হবে। বায়তুলমাল নামে চাঁদাবাজি করে বেড়ায়। ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন জায়গায় তা করছে। যারা এ চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় না আনতে পারলে আমরাই বিচার করব।’
চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে চাকসু নির্বাচন করেছিলেন, সেই চাকসু আর চাকসু নেই; এটি এখন শিবিরসুতে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, চাকসুর নামে চট্টগ্রাম শহরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা তোলা হচ্ছে।
চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, চাকসু নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছুই করে না। যদি করত, তাহলে আবাসন কোথায়? ক্যাম্পাসের শিক্ষার্থীরা আবাসনের অভাবে রাতের অন্ধকারে মুখ গুঁজে থাকে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন আফনান হাসান। তিনি বলেন, ‘স্থানীয় জামায়াতের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, তাদের সঙ্গে এ বিষয়ে কোনো সাংবাদিক যোগাযোগ করেনি। পৌর জামায়াতের একজনের সঙ্গে কিছুক্ষণ আগে বসেছিলাম। এটার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রেস রিলিজ দেবে কিনা বা কী প্রতিক্রিয়া জানাবে, সেটা উনারা জানাবেন।’
- বিষয় :
- চাকসু