ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

থমকে আছে ঢাকা-সিলেট সড়ক, আটকা শত শত যানবাহন

থমকে আছে ঢাকা-সিলেট সড়ক, আটকা শত শত যানবাহন
×
×

সিলেটে অবরোধের প্রথম দিনে নগরীর টার্মিনালে অলস পড়ে আছে বাস। বৃহস্পতিবার তোলা সমকাল

 হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৪৬ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১২:৪১

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে চলমান পরিবহন ধর্মঘটের কারণে থমকে আছে ঢাকা-সিলেট মহাসড়ক। মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট অব্যাহত ছিল। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত শতাধিক ঢাকা ও সিলেটগামী যানবাহন আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা। 
এছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
শায়েস্তাগঞ্জে আটকা পড়া ঢাকাগামী যাত্রী তৌহিদ মিয়া বলেন, সকাল ১১টার দিকে বাসযোগে সিলেট থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জে আসার পর বাসটি আটকে দেওয়া হয়। প্রায় ৬ ঘণ্টা হলো কোনো সমাধান নেই।

ঢাকা থেকে আসা সাদেক খান বলেন, দুপুর ১টার মধ্যে সিলেট যাওয়ার কথা ছিল। শায়েস্তাগঞ্জ এসে আটকা পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন কী করব বুঝতে পারছি না। হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থানরত শফিকুল বারী নামে এক যাত্রী বলেন, জরুরি কাজে সিলেট যাওয়ার জন্য এখানে আসেন। এসে দেখেন বাস চলাচল বন্ধ। 
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে মালিক-শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে দেওয়া, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন।
গত সপ্তাহে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেন মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এ বিষয়ে মোটর মালিক গ্রুপের সঙ্গে কথা বলার জন্য সভা আহ্বান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মনসুর মুসা। তিনি বলেন, শিগগিরই সভায় বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। 
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে তারা বসতে আগ্রহী।

আরও পড়ুন

×