ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিলাতি ধনেপাতা চাষে ভাগ্য বদল

বিলাতি ধনেপাতা  চাষে ভাগ্য বদল
×
×

নান্দাইলের কুরাটি গ্রামে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে ধনেপাতা সমকাল

 নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৫৪

| প্রিন্ট সংস্করণ

জমি-জমা বলতে নিজের কিছু ছিল না। অন্যের জমি চুক্তিতে নিয়ে বিলাতি ধনেপাতা চাষ করে নিজের ভাগ্য বদলে দিয়েছেন মোহাম্মদ আলী। প্রতিদিন বিকেলে ৪০০ থেকে ৫০০ কেজি ধনেপাতা দেশের বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার কুরাটি গ্রামে। এক সময় নিজে অন্যের কাজ করলেও এখন প্রতিদিন তাঁর কাজই করছেন ৮-১০ জন শ্রমিক।

কুরাটি গ্রামে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলী ও তাঁর ভাই হেলাল উদ্দিন কয়েকজন শ্রমিক নিয়ে জমি থেকে তোলা ধনেপাতা জড়ো করছেন। আলাপকালে মোহাম্মদ আলী জানান– তিনি গরিব মানুষ, আগে তাঁর নিজের কোনো জমি-জমা ছিল না। প্রায় ১৫ বছর আগে অন্যদের জমি প্রতিকাঠা (১০ শতক) ৪-৫ হাজার টাকা বাৎসরিক চুক্তিতে নিয়ে বিলাতি ধনেপাতা চাষ শুরু করেন। 
মোহাম্মদ আলী জানান, এলাকার মানুষ শুধু রমজান মাসে ধনেপাতা ব্যবহার করে বলে তখন প্রতি কেজি ধনেপাতার দাম ৩০০ থেকে ৪০০ টাকায় উঠে যায়। তবে দেশের অন্যান্য জেলার মানুষ বা শহরে বসবাসকারীরা প্রায় সারাবছরই বিভিন্ন ধরনের খাদ্যে ধনেপাতা ব্যবহার করেন তবে তখন দাম একটু কম থাকে। তা ছাড়া শহরের নামিদামি হোটেলেও বিলাতি ধনেপাতার কদর বাড়ছে বলে সারাবছরই এই পাতার চাহিদা থাকে। তিনি জানান, এ বছর ১৮ কাঠা জমিতে ধনেপাতার চাষ করেছেন। তিন থেকে চার লাখ টাকা খরচ বাদ দিলে ১০ থেকে ১২ লাখ টাকার মতো ধনেপাতা বিক্রি করতে পারবেন। ধনেপাতার চাষ করে পরিবার নিয়ে সুখেই আছেন তারা। বাড়িতে ঘর তৈরি করার পাশাপাশি নিজের নামে কিছু জমিও কিনেছেন।
 

আরও পড়ুন

×