চট্টগ্রাম ওয়াসার রেকর্ড ২৮ কোটি টাকা রাজস্ব আদায়
নগরীর বিভিন্ন স্থানে বকেয়া রাজস্ব আদায় করছে মনিটরিং টিমের সদস্যরা। ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১১:২৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১১:৩৫
চট্টগ্রাম ওয়াসার সেপ্টেম্বরে রেকর্ড ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বকেয়া আদায়ে বিশেষ কার্যক্রম পরিচালনার পর এবার তা রেকর্ড পরিমাণে বেড়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এ তথ্য জানান।
ওয়াসার হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে পানির বিল বাবদ আদায় হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে চলতি বিল থেকে ১৪ কোটি ১৯ লাখ ১১ হাজার এবং বকেয়া বিল থেকে ১২ কোটি ১৪ হাজার টাকা আদায় হয়েছে। এ ছাড়া সারচার্জ থেকে ৮০ লাখ ৫৭ হাজার, গভীর নলকূপ ফি ৬৫ লাখ ৫০ হাজার এবং নতুন সংযোগ খাতে ৩৫ লাখ ৯৩ হাজার টাকা আদায় হয়েছে। এর আগে আগস্টে ওয়াসার রাজস্ব আদায় হয়েছিল ২৬ কোটি ৮০ লাখ টাকা।
বকেয়া রাজস্ব আদায়ে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে আটটি মনিটরিং দল গঠন করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে গঠিত দলগুলো এলাকাভিত্তিক মাঠপর্যায়ে কাজ করছে। দলগুলোর কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ)শারমিন আক্তার।
ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সলিম মো. জাহান আলম বলেন, রাজস্ব আদায়ে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দলগুলো বকেয়া থাকা গ্রাহকদের বিল পরিশোধে উৎসাহিত করছে। আগে ৫০ হাজার টাকার বেশি বকেয়া আদায়ে গুরুত্ব দেওয়া হলেও এখন ২৫ হাজার টাকার বেশি বকেয়াধারীদের নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, সর্বোচ্চ বকেয়া আদায়কারী তিনজন মিটার পরিদর্শককে ক্রেস্ট এবং প্রতিটি দলের সদস্যদের সনদ দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বদ্ধপরিকর।
জানা গেছে, ২৫ হাজার টাকার বেশি বকেয়া থাকা গ্রাহকদের সংযোগ সরেজমিন পরিদর্শন করে বকেয়া আদায় করছে দলগুলো। গত দুই মাসের এ কার্যক্রমে বকেয়া আদায়ের পাশাপাশি গ্রাহকদের হালনাগাদ তথ্য, অবৈধ সংযোগ এবং লাইসেন্সবিহীন গভীর নলকূপের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।