ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
×
×

সংগৃহীত ছবি

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৬:২৫

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের (ধর্ষণ) অভিযোগে মো. মাসুদ (২৭) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

ভুক্তভোগী ছাত্রের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সদরপুর উপজেলার একটি মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক শিক্ষার্থী ওই ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর সে তার পরিবারের কাছে বিষয়টি জানায়।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রকে নিজের কক্ষে নিয়ে যৌন নির্যাতন করতেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তাকে কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই ছাত্র চিৎকার করার চেষ্টা করলে বালিশ দিয়ে মুখ চেপে ধরা হয় এবং বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) করিম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় গ্রেপ্তার মো. মাসুদকে গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন

×