মা-বাবাকে মারধরের অভিযোগে যুবকের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড
ফাইল ছবি
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৮:১৯
বান্দরবানের লামায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা মো. সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বলেন, অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে, তখন এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’