অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে বিজয়ী হতে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:২৭
অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ, আত্মসমালোচনা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাই করা রুকনদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
জামায়াতের এই নেতা বলেন, নেতাকর্মীদের দক্ষ, সৎ, জ্ঞানী, যোগ্য ও আদর্শিক জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। ইমানি শক্তিতে বলীয়ান কোনো জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারবে না।
গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামীর জনশক্তিকে শুধু সাংগঠনিক কর্মী হলে চলবে না। তাদের কোরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, আমল-আখলাক, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নাছর আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ আরও অনেকে। শিক্ষা শিবিরে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাই করা রুকনেরা অংশ নেন।
- বিষয় :
- গোলাম পরওয়ার
- কুমিল্লা