ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ
×
×

ফাইল ছবি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:৪৩

নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক দোকানির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে খলিলুর রহমান (৪৫) নামের ওই ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, খলিলুর রহমান সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের ব্যবসা করেন। পাশাপাশি তিনি দোকানের সামনে বোতলে পেট্রোল রেখে বিক্রি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার কিছু আগে সুমন তার দোকানে গিয়ে বাকিতে সিগারেট ও কিছু টাকা চান। খলিল সিগারেট ও টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের সামনে রাখা পেট্রোলের বোতল থেকে সুমন খলিলের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে খলিল দগ্ধ হন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খলিলের পরিবারের সদস্যরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সান্দিকোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, সুমন প্রায়ই খলিলের দোকানে গিয়ে টাকা ও বাকিতে সিগারেট নিতেন। বৃহস্পতিবার রাতে সিগারেট ও টাকা না দেওয়ায় খলিলের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সুমন পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাকিতে সিগারেট ও টাকা না পাওয়ায় সুমন ওই ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, সুমনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।

আরও পড়ুন

×