খুবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া, পাল্টা ধাওয়া
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:২৯
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে নেতিবাচক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সজল নামের স্থানীয় এক যুবককে বেদম মারপিট করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে ওই যুবককে আটকে রাখার খবরে স্থানীয় যুবকদের আরেকটি অংশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ৮ থেকে সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের পাশে হল রোডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরের মাদক পরিস্থিতি ও হল রোডের কয়েকটি বাসায় অনৈতিক কার্যকলাপ নিয়ে ফেসবুকে লেখালেখি করেন সজল। রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সজলকে মারতে মারতে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যায়। খবর পেয়ে সজলের বন্ধু ও স্থানীয়রা হল গেটে জড়ো হলে স্থানীয় এক মুরুব্বীকেও মারধর করে ছাত্ররা।
তবে ছাত্রদের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যক্তি ছদ্মনাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে খাজা গেট এলাকায় ডাকে। এ সময় কতিপয় রাজনৈতিক ব্যক্তির মদদে সেখানে একদল লোক জড়ো হয়। তারা ওই ব্যক্তিকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। সাধারণ শিক্ষার্থীরা তখন তাকে ফিরিয়ে এনে তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানায়। কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো হামলা শুরু হয়নি; বরং তাদের ওপর আক্রমণ ও ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমেই পরিস্থিতি সংঘর্ষের দিকে নিয়ে যাওয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, পুলিশ ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কি নিয়ে ঘটনার সূত্রপাত খুঁজে বের করা হচ্ছে। ছাত্রদের হেফাজতে থাকা যুবককে হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরীর হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষ আলোচনা করে শনিবার তাদের পদক্ষেপ জানাবেন।
স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উগ্র আচরণে আশপাশের বাড়ির মালিকরা অতিষ্ঠ। তুচ্ছ কারণে স্থানীয়দের মারধরসহ প্রায় এমন ঘটনা ঘটছে। বিষয়টির স্থায়ী সুরাহার দাবি জানান তারা।
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়