ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

রাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
×
×

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৯:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মুঠোফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত সালমান টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।

অভিযোগকারী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। দুই দিন আগে সালমান রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনি ওই ছাত্রীকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে তিনি অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

পরে বিষয়টি তিনি বন্ধু ও পরিচিতদের জানান। একপর্যায়ে তাকে ফোন করে কৌশলে ক্যাম্পাসে আসতে বলেন। রাত দেড়টার দিকে সালমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাকে আটক করেন।

প্রায় চার ঘণ্টা পর চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সালমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগকারী ছাত্রী বলেন, আমাতে রাত সাড়ে ৪টায় কল করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। পরে পরিচয় জানতে পারি, সালমান আমার সাবেক রুমমেটের প্রাক্তন প্রেমিক। এ ঘটনায় তিনি মামলা করার আবেদন করবেন এবং সুষ্ঠু বিচার চান। এ ধরনের কুপ্রস্তাব একজন নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে আনে। আমি এ ঘটনায় মামলা করার আবেদন করব। আমি সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে সালমান বলেন, আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তার সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।

চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ দায়ের করতে ভুক্তভোগীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত যুবককে শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×