চায়ের দোকানে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
জাকারিয়া খান
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৯:৫০
সাতক্ষীরায় চায়ের দোকানে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জাকারিয়ার ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া সঙ্গীতা মোড়ের জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে ওই চায়ের দোকানদারের কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা করতে মারামারি থামাতে এগিয়ে যান। তখন ওই যুবকদের একজন জাকারিয়ার বুক ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, নিহতের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- ছুরিকাঘাতে খুন