ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিমানমন্ত্রীর
×
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ  

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১০:৫৮

সরকারকে ব্যর্থ করতে কোনো অপচেষ্টা চালানো হলে তা সবাইকে সঙ্গে নিয়ে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। সেখানে ফ্যাসিবাদী শাসন, মাদক ও অপশাসন থাকবে না।

গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে সবাই মিলে দেশকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জনগণের সহযোগিতা নিয়ে একযোগে কাজ করছেন বলেও জানান তিনি।

সরকারের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ কোনো অপচেষ্টার মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে উল্লেখ করেন বিমানমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সমতার ভিত্তিতে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে।

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তার ভাষ্য, খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের পাশাপাশি বেকার তরুণ-তরুণীদেরও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

অনুষ্ঠানে মন্ত্রী টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করেন। ফাইনালে নান্দাইল উপজেলা দলকে হারিয়ে ধোবাউড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ড. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
 

আরও পড়ুন

×