ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বালু উত্তোলন নিয়ে বিরোধ, বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

বালু উত্তোলন নিয়ে বিরোধ, বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
×
×

আহত বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, তার স্ত্রী মাহবুবা খাতুন ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমন। ছবি: সমকাল

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:২৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:৩৫

জয়পুরহাটের আক্কেলপুরে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তার স্ত্রী মাহবুবা খাতুনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনও আহত হয়েছেন। শুক্রবার রাত আটটার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আলমগীর হোসেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তার অভিযোগ, ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন এবং এতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ করায় আতিয়ার রহমান তাকে ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন। এ ছাড়া তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে আলমগীরের এসব অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান। তার পাল্টা অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আলমগীর তার ওপর হামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ব্যক্তি মালিকানাধীন জমি খনন করে প্রায় এক মাস ধরে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এ কাজে ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের একটি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করে থানা-পুলিশকে জানান। গত সোমবার রাতে পুলিশ গিয়ে বালুবাহী ট্রাক্টর আটকে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও ট্রাক্টর চলাচল শুরু হয় বলে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি।

এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে অবস্থান নেন বিএনপি নেতা আলমগীর হোসেন। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের জানানো হয়। গত বুধবার গ্রামবাসী উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন। শনিবার বিকেলে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল।

আলমগীর হোসেনের ভাষ্য, শুক্রবার রাতে তিনি গ্রামবাসীকে শনিবারের বৈঠকের কথা জানাতে বাড়ি থেকে বের হন। পথে চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে আতিয়ার রহমানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার তাকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে স্ত্রী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আলমগীর বলেন, তিনি গরু কেনাবেচার ব্যবসা করেন। আতিয়ার তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন আলমগীর। তার ভাষ্য, মারুফ নামের এক ব্যক্তির জমি থেকে মাটি ও বালু তুলে নবাবের ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামবাসী বাধা দেন। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলার পর শনিবার দুই পক্ষের বসার কথা ছিল।

তবে আতিয়ার রহমানের দাবি, আলমগীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত এপ্রিল মাসে তারা তাকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলেন। এ কারণে আলমগীর তার ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর তাকে মারধর করেন। এতে তার বাম হাতে আঘাত লাগে। এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও তিনি অস্বীকার করেন। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও নাকচ করেন আতিয়ার।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আলমগীর ও আতিয়ার পাশাপাশি দুটি ওয়ার্ডে চিকিৎসাধীন। আলমগীরের মাথায় ব্যান্ডেজ ছিল। আতিয়ারের বাম হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। তার হাত গজ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আলমগীরের স্ত্রী মাহবুবা খাতুনও হাসপাতালে চিকিৎসাধীন।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়ে পড়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×