নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ
মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছবি: সমকাল
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৪:০৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। তাকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সতর্ক হওয়া উচিত ছিল। তারা নাসীরুদ্দীনের বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, বিএনপি ৫ আগস্টের পর গড়ে ওঠা কোনো দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তারেক রহমান বিএনপির নেতৃত্বে রয়েছেন। তার সম্পর্কে ‘যেনতেন’ মন্তব্য তারা মেনে নেবেন না বলেও জানান।
নেতা-কর্মীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটের সী ওয়ার্ল্ড কনভেনশন হলে উপজেলা এনসিপির উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী তারেক রহমানকে ‘বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যা দেন। এ ছাড়া বিএনপির সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা নতুন স্বপ্নের কথা বললে তাদের ‘বেয়াদব’ তকমা দেওয়া হয়। তিনি বলেন, ‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি না।’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি-এই দুই দলের সমালোচনা করে তিনি বাংলাদেশকে ‘নষ্টদের’ হাত থেকে রক্ষা করার কথা বলেন। তার বক্তব্যের একটি পর্যায়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের প্রসঙ্গও টানেন তিনি। নাসীরুদ্দীন আরও প্রশ্ন তোলেন, নির্বাচন হওয়ার পর চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ হওয়ার পরিবর্তে কেন বেড়ে চলেছে। এসব কর্মকাণ্ড কারা করছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
নাসীরুদ্দীনের ওই বক্তব্যের পরই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।