মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ইমরান শিকদার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৪:১৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৪:১৪
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার ইমরান শিকদার (২৭) নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশটির ইপু এলাকার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
নিহত ইমরান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের মো. কালাম শিকদারের বড় ছেলে। স্বজনদের কাছে তিনি ‘উজ্জ্বল’ নামে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যান ইমরান। প্রায় সাত বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ছুটিতে দেশে ফেরেন। একই বছরের ১০ অক্টোবর মোসা. লামিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন দেশে থেকে ২০২৫ সালের জানুয়ারিতে আবার মালয়েশিয়ায় ফিরে যান তিনি।
ইমরানের আত্মীয় ও সহকর্মী আরমান শেখ জানান, তারা মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় আই টাওয়ার রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইমরান চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার ছোট ভাই কাওছারও বর্তমানে সৌদি আরবে কর্মরত। ইমরানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইমরানের মরদেহ দ্রুত দেশে এনে নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
- বিষয় :
- মালয়েশিয়া
- সড়ক দুর্ঘটনা
- বাংলাদেশি নিহত