ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চলনবিলে বক শিকারের দায়ে ৩ জনের জেল-জরিমানা, অর্ধশত পাখি অবমুক্ত

চলনবিলে বক শিকারের দায়ে ৩ জনের জেল-জরিমানা, অর্ধশত পাখি অবমুক্ত
×
×

ছবি: সমকাল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:০৩

নাটোরের সিংড়ায় বক দিয়ে বক শিকারের অপরাধে তিন শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশনায় চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিল থেকে বক শিকারের কাজে ব্যবহৃত অর্ধশত পোষা ও শিকার করা বকপাখি উদ্ধার করা হয়। একই সঙ্গে ধানক্ষেতে বিশেষভাবে তৈরি ১০টি ‘কিল্লা ঘর’ নামক ফাঁদ ধ্বংস করা হয়। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত সবকটি পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

আটক তিন শিকারিকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। দণ্ডপ্রাপ্তরা হলেন– পূর্বভেংড়ী গ্রামের মকছেদ আলী, আবু হানিফ ও আব্দুর রশিদ।

অভিযানকালে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হক, পরিবেশকর্মী আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান, অনিক আহমেদ, রিপন হোসেন, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলের ধানক্ষেতগুলোতে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। পাখি অবমুক্তের পাশাপাশি স্থানীয়দের মাঝে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

আরও পড়ুন

×