ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার
×
×

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:৫৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

গ্রেপ্তার তিন যুবক হলেন- গন্ধর্বপুর এলাকার রেদোয়ান মিয়ার ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী গতকাল শুক্রবার বিকেলে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যায়। রাতে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। রাত আনুমানিক ১১টার দিকে তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে নাদিম, সিহাব ও ইমন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

পরে তারা কিশোরী ও তার বন্ধু আকাশকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা।

টাকা নিয়ে আসার কথা বলে আকাশ সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং নাদিম, সিহাব ও ইমনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×