তিনজনই বেরিয়েছিলেন ঘুরতে, নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ফিরলেন লাশ হয়ে
প্রতীকী ছবি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ২২:১৯
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), একই এলাকার নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে শোয়েব (১৬)। তারা মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি নসিমন কালিকাবাড়ির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিমন ও আমিনের মৃত্যু হয়। গুরুতর আহত শোয়েবকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- বাবুল খানের ছেলে মোহাম্মদ রিয়াদ, গুলিশাখালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম, মো. সিয়াম, পিরোজপুরের লক্ষণ চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস ও তাঁর আড়াই বছর বয়সী মেয়ে উমা দাস।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিফাত খান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত ছয়জনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- বাগেরহাট
- সড়ক দুর্ঘটনা
- নিহত তিন