বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুন আহত হয়েছেন। তারা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া হাতে আঘাত নিয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন জিয়া পরিষদের নেতা অভিযুক্ত আতিয়ার রহমান সুমনও।
আহত আলমগীর হোসেন রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ব্যক্তি মালিকানাধীন জমি খনন করে প্রায় এক মাস ধরে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। জমিতে ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে অবস্থান নেন বিএনপি নেতা আলমগীর। গত বুধবার গ্রামবাসী উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন। গতকাল শনিবার বিকেলে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে দুপক্ষের বৈঠকের কথা ছিল।
আলমগীর হোসেনের দাবি, গত শুক্রবার রাতে তিনি গ্রামবাসীকে গতকাল শনিবারের বৈঠকের কথা জানাতে বাড়ি থেকে বের হন। পথে চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে সুমনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে তাঁর স্ত্রী মাহবুবা খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর আগে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আতিয়ার রহমান সুমন পাল্টা অভিযোগ করে বলেন, আলমগীর হোসেন মাদক ব্যবসা করেন। গত এপ্রিলে আমরা তাঁকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলাম। গত শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর আমাকে মারধর করেন। এতে আমি বাম হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। চাঁদাদাবির অভিযোগ ভিত্তিহীন। আমি বালু উত্তোলনের সঙ্গেও জড়িত নই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বি রাকিব বলেন, গত রাত ৯টার দিকে আলমগীর হোসেন ও তাঁর স্ত্রীকে হাসপাতালে আনা হয়। আলমগীরের মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে এবং তাঁর স্ত্রীর বাম চোখের নিচে আঘাত রয়েছে। আর আতিয়ার রহমান হাতে আঘাত পেয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল দুপক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়েছে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা