নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১২:২৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৩:৩৩
নোয়াখালী সদর উপজেলায় প্রবাসী বন্ধুর আগমন উপলক্ষে আয়োজিত মাছের বারবিকিউ পার্টিতে মদ্যপান করে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাতে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে।
সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান রোববার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনিতে প্রবাসী বন্ধুর আগমন উপলক্ষে মাছের বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। সেখানে মদ্যপানের পর একপর্যায়ে উপস্থিত তরুণরা অসুস্থ হয়ে পড়েন।
শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
অসুস্থদের মধ্যে সাইফুল ইসলাম পাখি (২২) ও মোহাম্মদ টিপুকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত অ্যালকোহল ও মাদকের মিশ্রণ পানের পর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণরা ভেজাল মদ পান করেছিলেন, যাতে ক্ষতিকারক দ্রব্যের পরিমাণ বেশি ছিল।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, একাধিক মাদকদ্রব্যের বিষাক্ত মিশ্রণ পানের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।