লালপুরে ৯ দিনে তিন সরকারি দপ্তরে কম্পিউটার চুরি
ছবি: সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৪:২৪
নাটোরের লালপুরে একের পর এক সরকারি দপ্তরে কম্পিউটার চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল রোববার সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন ভূমি অফিস ও আড়বাব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালার গ্রিল কেটে দুটি কম্পিউটার চুরি করা হয়েছে। এর আগে গত ৯ দিনের ব্যবধানে আরও একটি সরকারি দপ্তরে একই কায়দায় চুরি হয়।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গতকাল রোববার সকালে আড়বাব ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে অফিস শেষ করে তিনি বাড়িতে চলে যান। রোববার সকালে অফিসের তালা খুলে দেখেন, জানালার গ্রিল কাটা। তার কক্ষ থেকে একটি অল-ইন-ওয়ান কম্পিউটার চুরি হয়েছে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
আড়বাব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, গত মঙ্গলবার থেকে দুই দিনের প্রশিক্ষণে তিনি রাজশাহীতে ছিলেন। রোববার সকাল নয়টার দিকে অফিসে এসে দেখেন, জানালার গ্রিল কেটে তার কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরি করা হয়েছে।
আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মখলেছুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ ভবনেই ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। রোববার সকালে দুই কর্মকর্তা নিজ নিজ কক্ষের তালা খুলে দেখেন, জানালার গ্রিল কেটে কম্পিউটার চুরি করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশকে জানান।
চেয়ারম্যানের ধারণা, গত শনিবার রাতে কোনো একসময় একই সঙ্গে দুটি অফিসে ঢুকে কম্পিউটার দুটি চুরি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে লালপুর উপজেলার ছয়টি সরকারি দপ্তরে একই ধরনের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত নয় মাসে পাঁচটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবীর হোসেন।
এর আগে ২০২৪ সালে ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি হয়। ২০২৫ সালের ৫ ডিসেম্বর লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জানালার গ্রিল কেটে কম্পিউটার চুরি করা হয়।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের জানালার গ্রিল কেটে কম্পিউটার চুরি হয়। একই মাসের ২৫ সেপ্টেম্বর আবারও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জানালার গ্রিল কেটে কম্পিউটার ও সিসিটিভির ডিভিআর চুরি করা হয়। সর্বশেষ গতকাল রোববার আড়বাব ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ থেকে দুটি কম্পিউটার চুরি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, গত ১৩ সেপ্টেম্বর তার অফিসের জানালার গ্রিল কেটে একটি মনিটর ও কম্পিউটার চুরি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কম্পিউটার চুরি হওয়ায় অফিসের গুরুত্বপূর্ণ অনেক তথ্যও পাওয়া যাচ্ছে না। এতে তাঁকে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবীর হোসেন বলেন, ‘একই চক্র এসব চুরি করছে বলে মনে হচ্ছে। তাদের লক্ষ্য সরকারি দপ্তরের কম্পিউটার। গত নয় মাসে উপজেলার পাঁচটি সরকারি দপ্তরে একই কায়দায় চুরি হয়েছে। এসব ঘটনায় পুলিশকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফলে চুরির ঘটনা পুনরায় ঘটছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রতিটি চুরির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- নাটোর
- কম্পিউটার চুরি
- সরকারি দপ্তর