ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পূজায় গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান চট্টগ্রাম পুলিশের

পূজায় গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান চট্টগ্রাম পুলিশের
×
×

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৬:৫২

আসন্ন দুর্গাপূজায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রোববার জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। 

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট, মো. সেফাউল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা। 

সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তা দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। কেউ গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যেকোনো উদ্ভূত পরিস্থিতি বা ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দ্রুত সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠন করতে হবে।’ 

স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলা এবং পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। পাশাপাশি কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বাস দেন। শারদীয় দুর্গাপূজাকে উৎসবমূখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম। 

আরও পড়ুন

×