ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:৩৩

সাভারের আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে প্রবেশ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রয়ের চালান, বিক্রয়ের চালান ও পরিবেশকের সরবরাহকৃত তথ্যে গড়মিল থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে পার্শ্ববর্তী ইকবাল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখার ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ কাগজপত্রে গড়মিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ইকবাল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখা হচ্ছে। ভবিষ্যতে আবারও একই অসংগতি পাওয়া গেলে এটিকে সিলগালা করে দেওয়া হবে।

আরও পড়ুন

×