বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল
ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৪:৩২
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল বলেছেন, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। বিএনপির নাম ব্যবহার করে কেউ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও দখলবাজি করলে তার দায় দল নেবে না।
তিনি বলেন, সরকার হার্ডলাইনে রয়েছে। আমরা জনগণের সেবক। জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের সম্পদ জনগণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি কাজে কোনো কারচুপি নেই, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মৌজপুর সাহেববাড়ি মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফয়সল আরও বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের কারণে বাংলাদেশে তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। জনগণের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, বিএনপির নামে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে একজন নারী নেত্রীকে সংসদ সদস্য পদ হারাতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
৪ নম্বর আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আনোয়ার হোসেনের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপি মাধবপুর উপজেলা শাখার সভাপতি সামছুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ ও প্রচার সম্পাদক ফজলুল রহমান (বুলেট)। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হবিগঞ্জ